পবিত্র হজ্জে এবার এক হাজারের অধিক হাজির মৃত্যু : বাংলাদেশী মৃত হাজির সংখ্যা ২৭
চলতি বছর পবিত্র হজ্জ পালনের সময় মৃতের সংখ্যা এক হাজার অতিক্রম করেছে । বৃহস্পতিবার একটি বার্তা সংস্থা এ পরিসংখ্যান দিয়েছে। মৃত হাজিদের অর্ধেকের বেশি অনিবন্ধিত ছিলেন। উল্লেখ্য, সৌদি আরবে চলতি বছর তীব্র তাপপ্রবাহের মধ্যেই হজ্জ পালিত হয় ।
বৃহস্পতিবার মিসরের আরও ৫৮ হাজির মৃত্যুর তথ্য পাওয়া যায়। একজন আরব কূটনীতিকের দেওয়া তথ্য অনুযায়ী, হজে মারা যাওয়া ৬৫৮ মিসরীয়র মধ্যে ৬৩০ জনই ছিলেন অনিবন্ধিত।
১০ দেশের ১ হাজার ৮১ জন হাজির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে বাংলাদেশী মৃত হাজির সংখ্যা ২৭। প্রতি বছরে একবার হজ্জ পালিত হয়। ইসলামের পাঁচটি মৌলিক বিধানের একটি হচ্ছে হজ্জ। আর্থিক সামর্থ্য আছে, এমন ব্যক্তির ওপর জীবনে একবার হজ্জ পালন করার আবশ্যকতা রয়েছে।
দাপ্তরিকভাবে বিবৃতির মাধ্যমে বা নিজ নিজ দেশের হাজিদের খোঁজখবর নেওয়ার দায়িত্বে থাকা কূটনীতিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে মৃতের এ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে ।
ইসলামি চান্দ্রবর্ষের হিসাব অনুযায়ী হজের সময় নির্ধারণ করা হয়। এ বছর হজের সময় সৌদি আরবে প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে যায়। জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুর দিকে মক্কার মসজিদুল হারামে তাপমাত্রা ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায়।
মে মাসে প্রকাশিত সৌদি আরবের একটি গবেষণায় বলা হয়েছে, ওই এলাকায় প্রতি দশকে তাপমাত্রা শূন্য দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পায়।
