রাসেলস ভাইপার মারতে পারলেই ৫০ হাজার টাকা
ফরিদপুরে বেড়েছে রাসেলস ভাইপার সাপের উপদ্রব । আতংকিত হয়ে পরেছে এই অঞ্চলের মানুষ । বিশেষ করে চরাঞ্চলের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে এ সাপের আনাগোনা। দংশনে শিকার হয়ে অনেকেই মারা গেছেন, আবার সাপের ভয়ে ক্ষেতে কাজ করতে যাচ্ছে না শ্রমিকরা। এই জনপথের সকলের মাঝেই আতংক বিরাজ করছে।
গত বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে শহরের রাসেল স্কয়ারে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ তার বক্তব্যের একপর্যায়ে রাসেলস ভাইপার সাপ নিয়ে কথা বলেন। সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন, ফরিদপুর কোতোয়ালি এলাকায় কেউ যদি রাসেলস ভাইপার সাপ মারতে পারেন তাহলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রতিটি সাপ মারার জন্য এই পুরস্কার দেওয়া হবে। যতজন যে কয়টি সাপ মারতে পারবে প্রত্যেক সাপ প্রতি ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এ সাপ থেকে মানুষকে রক্ষা করার চেষ্টা করি আমরা। একারণেই এ ঘোষণা দেওয়া হলো।
উক্ত সভায় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ঝর্ণা হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
