ফুলের মালা দিয়ে প্রধানশিক্ষককে বরণ : ছবি- মতলব প্রতিনিধি
সারাদেশে যখন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগ করানোর হিড়িক পড়েছে তখন উল্টো ঘটনা ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। জোর করে কর্মবিরতিতে যেতে বাধ্য করা প্রধানশিক্ষককে ফিরিয়ে এনে চেয়ার বসিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (৮ সেপ্টেম্বর) উপজেলার নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক এ কে এম তাজুল ইসলামকে সম্মানের সঙ্গে বরণ করেন শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলী।
সকাল ১০টার দিকে প্রধানশিক্ষক এ কে এম তাজুল ইসলাম বিদ্যালয়ে প্রবেশ করলে শিক্ষক-শিক্ষার্থীরা ফুলের মালা গলায় দিয়ে বরণ করে নেয়। ওই সময় শিক্ষার্থীরা প্রধানশিক্ষকের পা ধরে ক্ষমা চান এবং আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট বিদ্যালয়ের প্রধানশিক্ষককে জোর করে কর্মবিরতিতে যাওয়ার স্বাক্ষর নেন একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী। এ খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করে বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ অত্র এলাকার স্থানীয়রা। এবং জোর করে কর্মবিরতি করানোর খবর শুনে ক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা।
