নিহত মিজান ও শ্রাবণ
শেরপুর পৌর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। নিহতরা হলেন মিজানুর রহমান (৩৫) ও আরিফুল ইসলাম শ্রাবণ (৩২)।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাত এগারোটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন, মিজান গৌরীপুর মহল্লার বাসিন্দা হাফেজ আজাহার আলীর ছেলে মিজান ও নিহত অপরজন একই মহল্লার মোঃ দেলোয়ার হোসেন মিন্টু মিয়ার ছেলে শ্রাবণ।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দুই দল কিশোরদের মধ্যে কথা কাটাকাটিকে কেন্দ্র করে খোয়ারপাড় ও গৌরিপুর এলাকার মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে গত তিনদিন ধরে দুই এলাকার লোকজনের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এর জের ধরে ৯ সেপ্টেম্বর রাতে উভয় পক্ষ মাইকে ঘোষণা দিয়ে খোয়ারপাড় মোড়ে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়ান। একপর্যায়ে দোকানপাট ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হন গৌরিপুর মহল্লার মিজানুর রহমান এবং শ্রাবন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯ ঘটিকায় শ্রাবণের মৃত্যু হয় । সংঘর্ষে আহত অন্তত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী টহল জোরদার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে ।
বিষয়টি নিশ্চিত করেন শেরপুর সদর থানার অফিসার্স ইনচার্জ জাহাঙ্গীর আলম।
