শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে গলাকেটে হত্যার চেষ্টার অভিযোগে ৪ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় গুরুতর আহত অটোচালক সুলতান মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া থেকে নয়াবিল রাস্তার উঁচু ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানান ।
স্থানীয় সুত্রে জানাযায়, ঘটনার পরপরই এলাকাবাসী পৃথক স্থান থেকে সন্দেহভাজন ৪ জনকে আটক করে পুলিশে হাতে তুলে দেন। আটককৃতদের বিরুদ্ধে (বৃহস্পতিবার) মামলা দায়ের করে ৪ জনকে আদালতে পাঠায় পুলিশ।আটককৃতরা হলেন, শেরপুর সদর উপজেলার বরাটিয়া গ্রামের লালু মিয়ার ছেলে লিখন (১৮), শাহিন মিয়া ছেলে মনিরুজ্জামান (১৫), মোবারকের ছেলে শান্ত (১৪) ও নালিতাবাড়ী উপজেলার ডহরিয়াপাড়া গ্রামের রহিদুল এর ছেলে তারেক (১৮)।
স্থানীয়রা জানায়,জেলার নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দা মহল্লার অটোচালক সুলতান মিয়া অটোরিকশা নিয়ে বুধবার রাত নয়টার দিকে আন্ধারুপাড়া থেকে নয়াবিল যাচ্ছিল। পথিমধ্যে উঁচু ব্রিজ এলাকায় চার কিশোর যাত্রী বেশে অটোরিকশায় উঠে। এসময় তারা চাকু দিয়ে অটোচালকের গলায় আঘাত করে ও অটোরিকশা ছিনিয়ে নিতে চেষ্টা করে। তবে চালকের চিৎকার ও ধস্তাধস্তিতে অটোরিকশা ফেলেই দৌড়ে পালায় তারা। এদিকে ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। তারা গুরুতর আহত সুলতানকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এলাকাবাসী গড়কান্দা ও বাঘবেড় এলাকা থেকে ওই ৪ কিশোরদের আটক করে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
এবিষয়ে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার দিদারুল আলম জানান, ‘জড়িতরা নিজেদের নির্দোষ বানাতে গল্প বানাচ্ছে। প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে তারা জড়িত বলে মনে হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
