ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হন, ময়মনসিংহ শহরের কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী উমর ফারুক সাবাসসহ আরো কয়েকজন অস্ত্রবাজ সন্ত্রাসী কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা বীচ এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ২৬ তারিখ দিবাগত রাত কক্সবাজার জেলার সদর থানাধীন জামান সি হাইটস হোটেলের সামনে থেকে ১। মোঃ উমর ফারুক সাবাস, সাবেক কাউন্সিলর, ২৫ নং ওয়ার্ড, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ২। আবু বক্কর সিদ্দিক সাগর সাবেক কাউন্সিলর, ৩২ নং ওয়ার্ড, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং তাদের সহচর ৩। মনির সিকদার-কে গ্রেফতার করতে সক্ষম হয়।
ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে মোঃ উমর ফারুক সাবাস জানায় যে, তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা এলাকার নামাপাড়া সাকিনে নিজ বসতবাড়ীর পাঁচতলা বিল্ডিংয়ে ১টি বিদেশী পিস্তল রক্ষিত আছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উক্ত অবৈধ বিদেশী পিস্তল উদ্ধার অভিযানে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এর নেতৃত্বে ডিবির একটি টিম ধৃত আসামীসহ ২৭-অক্টোবর রবিবার বিকাল তিন ঘটিকায় মোঃ উমর ফারুক সাবাস এর নিজ বসতবাড়ীর নিচতলায় ২৫ নং ওয়ার্ড কাউন্সিলরের অফিস কক্ষের টেবিলের ড্রয়ার থেকে সাক্ষীদের উপস্থিতিতে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
কক্সবাজার থেকে গ্রেফতারকৃত আসামীরা হলেন, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার দিঘারকান্দা নামাপাড়া এলাকার সিরাজ আলীর ছেলে ও সাবেক কাউন্সিলর মোঃ উমর ফারুক সাবাস (৩৮), ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার চরকালিবাড়ি এলাকার মৃত ইমান আলী ফকিরের ছেলে ও সাবেক কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক সাগর (৩৬), তাদের সহযোগী ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার বাঘমারা এলাকার মৃত ফরহাদ সিকদার এর ছেলে মনির সিকদার (৩৯)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
