শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী আনার আলী (৪২)কে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে শেরপুর সদর উপজেলার বয়ড়া পরানপুর এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের ৫ মাসের সাজাপ্রাপ্ত আসামি আনার আলীকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪ সিপিসি-১ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া আনার আলী শেরপুর সদর উপজেলার মধ্য বয়ড়া গ্রামের আজিত উল্লাহ শেখের ছেলে।
র্যাব-১৪ সিপিসি-১ এর মিডিয়া সুত্র জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর ৫ আগস্ট বিকাল ৪ টার দিকে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমন করে। হামলাকারীরা কারাগারের বিবিধ স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন সহ ৫ শ ১৮ জন হাজতি ও কয়েদীকে পালাতে সহায়তা করে।
এঘটনার পর পলাতকদের গ্রেফতারে অভিযান শুরু করে র্যাব-১৪ (সিপিসি-১ জামালপুর)।
র্যাব-১৪ সিপিসি-১ (জামালপুর) জানান, গ্রেপ্তারকৃত আনার আলীকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
