নানান আয়োজনের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সুসজ্জিত তোরণ ও নান্দনিক আলোকসজ্জায় সাজানো হয় ক্লাব ভবন। ক্লাবের ভেতর-বাহির মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়।
গতকাল শনিবার (৮-মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর সিকে ঘোষ রোডস্থ সড়কে বর্নাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হয় ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি। এরপর ক্লাব ভবনের ৪র্থ ও ৩য় তলায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শেষ হয়। এ সময় বিএনপি, জামায়াত, বাম দলগুলোসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা, বিজিবি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। এতে আনন্দঘন মুহূর্তে মুখরিত হয়ে ওঠে প্রেসক্লাব আঙিনা।
এ সময় ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি মো. মুফিদুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম মহসিন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আবু বকর সিদ্দিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মো. মোশাররফ হোসেন প্রমুখ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক একেএম শফিকুল ইসলাম, জেলা জামায়াতের আমির আব্দুল করিম, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম. আইয়ুব আলী, মহানগর জামায়াতের আমির কামরুল হাসান এমরুল, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট এমএ হান্নান খান, ময়মনসিংহে দ্বায়িত্বরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সাংবাদিকতা সাংবাদিকদের হাতে ছিল না। সব কিছু নিয়ন্ত্রণ করত মাত্র একজন ব্যক্তি। তিনি যেভাবে বলতেন সেভাবে নিউজ করতে হতো। এর বাইরে আর কিছু ছিল না।
ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মো. মুফিদুল আলম বলেন, সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তারা সমাজের দর্পণ হিসেবে কাজ করে। চোখে আঙ্গুল দিয়ে তারা আমাদের ভুলগুলোকে ধরিয়ে দেয়। সে লক্ষ্যে ময়মনসিংহের সর্বস্তরের মানুষের মধ্যে শান্তি বজায়ে রাখার জন্য সাংবাদিকদের কাজ করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কাউকে জিরো থেকে হিরোতে রূপান্তর বা হিরো থেকে জিরোতে রূপান্তরিত করা যাবে না। কোনোভাবেই হলুদ সাংবাদিকতাকে প্রশ্রয় দেওয়া যাবে না।
প্রসঙ্গত, ষাটের দশকে ময়মনসিংহ প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই ক্লাবের সদস্য সংখ্যা ৯৩ জন। এটি ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্র সিকে ঘোষ রোড এলাকায় নিজস্ব ভবনে অবস্থিত।
