ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদক কারবারের ৭০০ টাকা লেনদেনকে কেন্দ্র করে ইমরান হোসেন (৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার (১১-মার্চ) পৌর শহরের শিলাসী কড়ইতলী এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ইমরান গফরগাঁও পৌর এলাকার আশ্রয়ণ প্রকল্পের ১৮ নম্বর ঘরের বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।
এবিষয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, মাদক কারবারির ৭০০ টাকা লেনদেনের বিষয়কে কেন্দ্র করে নিহত ইমরান হোসেনের সঙ্গে হাসপাতাল রোড এলাকার সানীর বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধ থেকেই সানী তাঁর সহযোগীদের নিয়ে ইমরানকে পিটিয়ে গুরুতর আহত করে চলে যায়। পরে আশংকাজনক অবস্থায় ইমরানকে তার স্বজন’রা উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ইমরানের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ইমরান মারা যান।
এবিষয়ে সত্যতা নিশ্চিত করে গফরগাঁও থানার অফিসার ইন-চার্জ মো. শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাননি। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
