শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া মোড় থেকে ভারতীয় লুঙ্গী ও বিভিন্ন পণ্য সহ মো. আমীর হোসেন (৩৩) নামে এক চোরাচালান কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) শাখা।
শনিবার (১৫-মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত চোরাচালান কারবারি আমীর হোসেন উপজেলার ডেফলাই গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার এসআই মোর্শেদ আলম, জসিম উদ্দিন, কামরুজ্জামান এবং এএসআই হরিপদ ঘোষসহ সঙ্গীয় ফোর্স শনিবার ভোরে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া মোড়ে অভিযান চালায়। এসময় ভারত থেকে চোরাই পথে আনা ৪টি বস্তায় ৮০টি হেয়ার কন্ডিশনার, ৩ বস্তায় ১৮১টি লুঙ্গী ও ১০২০ মিটার বিভিন্ন ধরনের থান কাপড়সহ চোরাকারবারি মো: আমীর হোসেনকে হাতেনাতে আটক করা হয়।
এবিষয়ে সত্যতা নিশ্চিত করে শেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইন-চার্জ সালেমুজ্জামান জানান, এঘটনায় ঝিনাইগাতী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত চোরাচালান কারবারি আমীর হোসেনকে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের নিকট সোপর্দ করা হয়েছে।
