নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকীয়ায় বাধা দেওয়ায় মো. মনিরুজ্জামান নামে এক যুবকের বিশেষ অঙ্গ কাটার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে আটক করা হয়েছে।
শুক্রবার (৪-এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের হীরাঝিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এদিন সকালে থানায় অভিযোগ করেন ভুক্তভোগী। গ্রেপ্তারকৃতরা হলেন- জামালপুরের বিল্লাল উদ্দিনের মেয়ে বিনা ওরফে ছোঁয়া ও তার পরকীয়া প্রেমিক তৌহিদ (৩০)।
অভিযোগ সূত্রে জানা গেছে, মনিরুজ্জামান ও ছোঁয়া ২০১৪ সালে সাংসারিক জীবনে আবদ্ধ হন। ভুক্তভোগী স্বামী চাকরির সুবাদে বাইরে থাকতেন। এই সুযোগে তার স্ত্রী বিভিন্ন পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন।
তৌহিদের সঙ্গে তার স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানতে পেরে গত ২ ফেব্রুয়ারি স্ত্রীকে জিজ্ঞেস করেন মনিরুজ্জামান। সেদিন রাতে মনিরুজ্জামানকে চেতনানাশক খাইয়ে তার বিশেষ অঙ্গ কেটে বাসায় থাকা অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যান স্ত্রী ছোঁয়া।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ শাহিনূর আলম বলেন, শুক্রবার সকালে অভিযোগ করার পর বিকেলেই স্ত্রী এবং তার প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।
