চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে মোঃ ইরফান (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত ইরফান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র।
বুধবার (৫ জুন) সকাল পৌনে ৮টার দিকে চট্টগ্রাম থেকে ট্রেনটি বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার পথে নগরীর ২নং গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল ইসলাম জানান, দুর্ঘটনার স্বীকার মোঃ ইরফান ফোনে কথা বলতে বলতে রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় আইনানুযায়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে ।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ট্রেনে কাটা কিশোরকে চমেক হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ চমেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
পুলিশ নিহত ইরফান পরিচয় সনাক্ত করেছেন। নিহতের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে।
মন্তব্য