ময়মনসিংহের ভালুকায় মাহিন্দ্রা ও অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও একজন।
শুক্রবার (১৪-ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের উপজেলার গোয়ারী ভাওয়ালিয়াবাজু বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- ভালুকা উপজেলার চান্দরহাটি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে মনিরুল ইসলাম (৩৫) ও একই উপজেলার সাতিঙ্গা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আব্দুল হামিদ (৪০)। নিহতরা দু-জনই অটোরিকশার যাত্রী ছিলেন।
এবিষয়ে নিশ্চিত করে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, গফরগাঁও থেকে ভালুকা দিকে আসা যাত্রীবাহী একটি অটোরিক্সা বেলা ১১টার দিকে গোয়ারী ভাওয়ালিয়াবাজু বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আসতেই বিপরীত দিক থেকে আসা ত্রি-হুইলার মাহিন্দ্রের সঙ্গে অটোরিক্সাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মনিরুল ইসলাম মারা যান। এসময় আশপাশের লোকজন আহত যাত্রী হামিদ ও অটোরিকশার চালককে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হামিদকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আহত চালক সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা ব্যবস্থা নেয়া হয়েছে। মাহিন্দ্রা চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য