ফুলবাড়িয়া থানা পুলিশ প্রায় ১৬ কিলোমিটার ধাওয়া করে ৪ ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে।
সোমবার (২৪-মার্চ) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার রাতে টাঙ্গাইলের ঘাটাইলের সাগরদিঘি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার তেলিগ্রাম গ্রামের আবুল কালামের ছেলে মো. রায়হান (২৪), আনোয়ার হোসেনের ছেলে নিলয় (১৯), আবুল কালামের ছেলে মো. মারুফ হোসেন (১৯) ও বালাশ্বর গ্রামের আবুল কাশেমের ছেলে আমিরুল ইসলাম (২২)।
পুলিশ জানায়, রবিবার রাতে ফুলবাড়িয়া উপজেলার বাকতা কালনাজানি সড়কে সিএনজি দিয়ে ঘুরে ঘুরে একদল ছিনতাইকারী ছিনতাই করছিল। এবিষয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়া চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে টাঙ্গাইলের ঘাটাইলের সাগরদিঘি এলাকায় থেকে তাদের আটক করেন।
এবিষয়ে সত্যতা নিশ্চিত করে ফুলবাড়িয়া থানার অফিসার ইন-চার্জ মোহা. রুকনুজ্জামান জানান, সংবদ্ধ এ চক্রটি সন্ধ্যার পর সিএনজি করে সড়কে ঘুরে ঘুরে ছিনতাই করছিল। স্থানীয় এলাকাবাসী সচেতন থাকার কারনে পুলিশ ছিনতাইকারী চক্রকে গ্রেপ্তার করতে পেরেছে।
মন্তব্য