দীর্ঘদিন যাবৎ এক শ্রেণীর ব্যক্তিদের আশির্বাদ নিয়ে চলে আসা ময়মনসিংহে অপ্রতিরোধ্য জুয়ার আসরটিতে অভিযান চালিয়ে ৩ জুয়ারিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ সময় জুয়ারিদের ব্যবহৃত একটি প্রাইভেটকার, ৩টি সিএনজি এবং এক জুয়াড়ির বিকাশ একাউন্টে থাকা ৪ লাখ টাকা জব্দ করা হয়।
শুক্রবার (১-আগষ্ট) ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী কাচারি বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীর এলাকার এই জুয়ার আসর থেকে তাদের গ্রেপ্তার হয়। আজ শনিবার (২-আগস্ট) দুপুরে সংশ্লিষ্ট জুয়া আইনের মামলায় এই আসামিদের ময়মনসিংহ চীফ জুডিশিয়াল আদালতে পাঠানো হয়।
আসামিরা হলেন- নরসিংদী রায়পুরা থানা এলাকার বাসিন্দা মৃত মতিন খানের ছেলে মোঃ শাকিল খান (৪০), নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের বাসিন্দা মৃত ইমাম হোসেনের ছেলে আল আমিন (৪৫) এবং ত্রিশাল উপজেলার দরিরামপুর গ্রামের মৃত উশন আলীর ছেলে আশরাফুজ্জামান খান মোতালেব (৫৮)।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদ সংলগ্ন গৌরীপুর, ত্রিশাল ও সদর উপজেলার সীমান্তঘেঁষা দুর্গম চরাঞ্চল চরভাবখালী নামক স্থানে নিয়মিত জুয়ার আসর চলছিল। এই জুয়ার আসরটি নিয়ন্ত্রণ করে আসছেন গৌরীপুর উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক মফিদুল ইসলাম। মফিদুল ইসলাম গৌরীপুর থানার বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া একটি মামলার পলাতক আসামি।
এবিষয়ে জেলার পুলিশ সুপার কাজী আকতার উল আলম বলেন, এর আগেও এই আসরে পুলিশ ৪ থেকে ৫ বার অভিযান চালিয়েছে। এছাড়াও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৭ জন গ্রেপ্তার হয়েছিল। এধরনের অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলবে।
এবিষয়ে সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, আসামিদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। অচিরেই এই জুয়ার আসরটি সাথে জড়িত সিন্ডিকেট সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সক্ষম হবো।
মন্তব্য