জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদের’র দায়িত্ব পালনের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রবিবার (১২ মে) বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে হাইকোর্টের দেওয়া রুল নিষ্পত্তি করতে বলেছেন সর্বোচ্চ আদালত।
আপিল বিভাগের এ আদেশের ফলে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদের’র দায়িত্ব পালনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
শুনানিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম ও অ্যাডভোকেট মো. অজি উল্লাহ।
প্রতিপক্ষ জিয়াউল হক মৃধার পক্ষে ছিলেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।
জাপা থেকে বহিষ্কৃত নেতা ও সাবেক এমপি জিয়াউল হক মৃধা জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদের’র দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে ২০২২ সালের ৪ অক্টোবর মামলা করেন।
মামলায় বলা হয়, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। এরপর বিবাদী জিএম কাদের হাইকোর্ট বিভাগের একটি রিট মামলা বিচারাধীন থাকার পরও জাল-জালিয়াতির মাধ্যমে ওই বছর ২৮ ডিসেম্বর কাউন্সিল করে নিজেকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন।
এ মামলায় ওই বছরের ৩১ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদের’র দলীয় যাবতীয় কার্যক্রমে নিষেধাজ্ঞার অস্থায়ী আদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন জিএম কাদের।
এ আবেদনের শুনানি নিয়ে একই বছর ২৯ নভেম্বর নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি একই সঙ্গে রুল জারি করেন হাইকোর্টের বিচারপতি শেখ আবদুল আউয়ালের একক বেঞ্চ। পরে এই আদেশ স্থগিত চেয়ে লিভ টু আপিল করেন জিয়াউল হক মৃধা ।
উভয় পক্ষের শুনানি শেষে আজ লিভ টু আপিল খারিজ করলেন আপিল বিভাগ।
মন্তব্য