বিএনপির স্থানীয় কমিটির সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মাতা বেগম জেবুন্নেছা আজ ভোরে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৬-মে/২০২৬) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
বেগম জেবুন্নেছা ১৯৪৪ সালে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পেশাগত জীবনে একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন এবং শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন ধর্মপ্রাণ, সজ্জন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত একজন মহীয়সী নারী।
বেগম জেবুন্নেছা মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রশাসন রোকনুজ্জামান সরকার রোকন সহ ময়মনসিংহ জেলা (দক্ষিণ) বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পৃথক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ বলেন, বেগম জেবুন্নেছার মতো একজন শিক্ষানুরাগী ও আদর্শবান নারীর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর আদর্শ ও কর্ম সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই শোক কাটিয়ে উঠতে তৌফিক দান করুন—আমিন।
মন্তব্য