ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বাবার দায়ের কোপে মোবারক (৭) নামের এক শিশু খুন হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার সোহাগী ইউনিয়নের বি-কাঁঠালিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত পিতা মোঃ নুরুল্লাহ (৩২) কে আটক করে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নুরুল্লাহ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। অসুস্থতার কারণে পরিবারের সদস্যরা মাঝে মাঝে তাকে বেঁধে রাখতেন। তবে কিছুটা সুস্থ মনে হওয়ায় ১৫ দিন আগে তাকে মুক্ত করে দেওয়া হয়। কিন্তু গত দুই দিন ধরে তার আচরণ আবারো অস্বাভাবিক হয়ে ওঠে। বুধবার সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে পাশের একটি জঙ্গলে গিয়ে বসে থাকেন। বিকেলে প্রবল বৃষ্টির সময় তার স্ত্রী জাকিয়া বেগম ছাতা নিয়ে ছোট ছেলে মোবারককে বাবার কাছে পাঠান। প্রত্যক্ষদর্শীরা জানান, মোবারক ছাতা হাতে বাবার কাছে পৌঁছাতেই নুরুল্লাহ তার হাতে থাকা দা দিয়ে ছেলের মাথায় কোপ দেন। এতে শিশুটি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ উবায়দুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, ঘটনার পরপরই এলাকাবাসী নুরুল্লাহকে আটক করে। পুলিশ তাকে হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য